পঞ্চগড়ে বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার ঘটনায় ভারতীয় নাগরিক আটক
মোঃ শরিফ বিল্লাহ
স্টাফ রিপোর্টার (রংপুর)
পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বাংলাদেশ অংশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীপঙ্কর গোপ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে একটি চা-বাগানে কাজ করতে যান। একপর্যায়ে তিনি কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। পরে তাকে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রাখা হয়।
এর আগে গত বুধবার (৫ আগস্ট) সকালে একই সীমান্তের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দিন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়সজনিত কারণে কানে কম শোনেন এবং স্বাভাবিকভাবে চলাফেরাতেও অসুবিধা হয়। গরু খুঁজতে সীমান্তের কাছে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এদিকে, বাংলাদেশি নাগরিককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় নাগরিক বাংলাদেশ অংশে আটক হওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আটক ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিককে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
| ফজর | ৪:০০ - ৪:১৫ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১:১৫ - ১:৩০ মিনিট। দুপুর |
| আছর | ৫:১৫ - ৫:৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬:৫০ - ৭:০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৮:৩০ - ৮:৪৫ মিনিট রাত |
| জুম্মা | ১:১৫ - ১:৩০ মিনিট দুপুর |

