বঙ্গাব্দ

জনস্বার্থমূলক মামলা: ধারণা, বিবর্তন ও বাংলাদেশের প্রেক্ষাপট

রিপোর্টারের নামঃ টিম অভিযোগ নিউজ
  • আপডেট টাইমঃ 19-07-2026 ইং
  • 10045 বার পঠিত
ad728

সাধারণত জনস্বার্থমূলক মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (Public Interest Litigation - PIL) বলতে একটি বিশেষ আইনি প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বৃহত্তর জনসাধারণের স্বার্থ রক্ষায় আদালতে মামলা দায়ের করতে পারে। এর মূল উদ্দেশ্য হলো সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং সরকারি কাজে কোনো ত্রুটি বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোনো ব্যক্তি সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও, বৃহত্তর সমাজের স্বার্থে যেকোনো সচেতন ব্যক্তি বা সংগঠন এই মামলা করতে পারে।

বাংলাদেশে জনস্বার্থমূলক মামলার ধারণাটি এখনো বিকাশমান, তাই এই পরিপ্রেক্ষিতে 'জনস্বার্থ' কথাটির একটি সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা উদ্ভাবন এখনো সম্ভব হয়ে ওঠেনি। ভারতের বিচারপতি সি. জে. মহাজন একটি মামলার রায়ে মন্তব্য করেছিলেন যে, জনস্বার্থের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞায়ন সম্ভব নয়; বরং এটি একটি সম্প্রসারণশীল ধারণা, যা দেশভেদে ভিন্ন হতে পারে।

সাধারণভাবে, 'জনস্বার্থ' বলতে বোঝায় এমন কোনো সাধারণ স্বার্থ, যাতে জনগণ বা নাগরিকদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর অংশীদারিত্ব রয়েছে (a commonality of interest)। ভারতের একটি আদালত অভিমত প্রকাশ করেছেন যে, "সাধারণ অর্থে জনস্বার্থ হলো জনসাধারণের জন্য কল্যাণকর কোনো কাজ" (public interest in common parlance means an act beneficial to the general public)। যখনই কোনো সচেতন ব্যক্তি ব্যক্তিস্বার্থ, কায়েমী স্বার্থ বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে সৎ উদ্দেশ্যে জনস্বার্থে কোনো মামলা পরিচালনা করেন, তখনই তা জনস্বার্থমূলক মামলার শ্রেণিভুক্ত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টও বলেছেন, জনস্বার্থমূলক মামলা হলো জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের অধিকার ও স্বার্থ বলবৎ করার জন্য আদালতে পরিচালিত একটি আইনগত পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ধারণাটি প্রথম জনপ্রিয়তা পায়।

বাংলাদেশের জনস্বার্থ বিষয়ক মামলার ক্ষেত্রে 'আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ' (অষ্টম সংশোধনী মামলা) একটি মাইলফলক বা নজির স্থাপনকারী মামলা। ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বাস্তবায়নে এবং দরিদ্রদের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে PIL-কে একটি কার্যকর পন্থা হিসেবে ব্যবহার করেছেন। পাকিস্তানে 'বেনজির ভুট্টো বনাম ফেডারেশন অফ পাকিস্তান' মামলাটিকে জনস্বার্থমূলক মামলার সূচনাবিন্দু বা যাত্রাবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এই মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেন যে, "প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা ও অধিকার ভোগের জন্য জীবনযাপনের পর্যাপ্ত মান অপরিহার্য। আইনের শাসনকে অবশ্যই এমন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আবহ সৃষ্টি করতে হবে, যা মর্যাদার সাথে বেঁচে থাকতে মানুষকে উদ্বুদ্ধ করবে।" এর পরপরই 'দর্শন মাসিহ বনাম রাষ্ট্র' মামলায় পাকিস্তানের সুবিধাবঞ্চিত মানুষ জনস্বার্থমূলক মামলার সুফল পেতে শুরু করে।

জনস্বার্থমূলক মামলার ক্ষেত্র অনেক বিস্তৃত হতে পারে, যেমন: ক্ষমতার অপব্যবহার রোধ, সুবিধাবঞ্চিত শ্রেণির অধিকার রক্ষা, পরিবেশগত অধিকার রক্ষা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি।

জনস্বার্থমূলক মামলার আঙ্গিগত স্বাতন্ত্র্য:

১. স্বপ্রণোদিত আদেশ (Suo Motu Rule): আদালতের স্বপ্রণোদিত এখতিয়ার জনস্বার্থমূলক মামলার একটি সুপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য। খবরের কাগজে প্রকাশিত সংবাদের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কোনো বিচারক যদি এমন কোনো ঘটনার কথা জানতে পারেন, যার ফলে জনস্বার্থ লঙ্ঘিত হচ্ছে, তবে তিনি নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার সূত্রপাত ঘটাতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের একটি যুগান্তকারী উদাহরণ হলো 'ব্লাস্ট বনাম জেলা প্রশাসক, সাতক্ষীরা ও অন্যান্য' মামলা, যেখানে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি সংবাদপত্রের মাধ্যমে নজরুল ইসলামের ১২ বছর বিনা বিচারে আটক থাকার খবর জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে তার মুক্তির জন্য রুল জারি করেন।

২. বার্তাপ্রসূত এখতিয়ার (Epistolary Jurisdiction): এখানে আদালত সংশ্লিষ্ট কোনো বিষয় সংবলিত চিঠি বা টেলিগ্রামকে আবেদন হিসেবে গণ্য করে তার ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে পারেন। ভারতে ১৯৮০-র দশকেই আদালত এই এখতিয়ার প্রয়োগ করেছে। 'সুনীল বাত্রা বনাম দিল্লি প্রশাসন' মামলায় একজন কারাবন্দির লেখা চিঠির ভিত্তিতে আদালত আদেশ প্রদান করেছিলেন। পাকিস্তানে ১৯৯০-এর দশকে 'দর্শন মাসিহ বনাম রাষ্ট্র' মামলায় দাস শ্রমিকদের নির্যাতনের খবর সংবলিত একটি টেলিগ্রামকে আবেদন হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশেও সম্প্রতি এই এখতিয়ারের প্রয়োগ দেখা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক বিদেশি নাগরিকদের মুক্তির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির কাছে লেখা চিঠির ভিত্তিতে হাইকোর্ট বিভাগ 'ডক্টর ফস্টিনা পেরেরা বনাম রাষ্ট্র' মামলাটি নিষ্পত্তি করেন।

জনস্বার্থমূলক মামলার ক্ষেত্রে আদালত অনেক সময় তদন্ত কমিশন নিয়োগ, বিশেষ আইনজীবী বা অ্যামিকাস কিউরি (Amicus Curiae)-এর মতামত গ্রহণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা গ্রহণ করার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেন।

পরিশেষে বলা যায়, বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা (PIL) ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার সংরক্ষণের একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী ন্যায়বিচারের সুযোগ পাচ্ছে এবং রাষ্ট্র ও কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হচ্ছে। সুতরাং, আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে PIL একটি অপরিহার্য উপায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728