বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
মোঃ শরিফ বিল্লাহ
স্টাফ রিপোর্টার (রংপুর)
রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে দায়িত্ব পালনরত রেল কর্মকর্তার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগের প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিলাহাটি রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা অসদাচরণ বন্ধ করা জরুরি।
মানববন্ধন থেকে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার, বাকবিতণ্ডা কিংবা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং কাওসার আলী, বুকিং সহকারী নাসির উদ্দীন, বুকিং সহকারী নাসরিন আক্তারসহ স্টেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
রেলওয়ের কর্মীরা বলেন, দায়িত্ব পালনের সময় একজন কর্মকর্তা বা কর্মচারীর ওপর হামলা কিংবা অসদাচরণের ঘটনা শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো রেল বিভাগের কর্মপরিবেশের জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জানা গেছে, গত ৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চিলাহাটিসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।